চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে গোসল করতে মরা পদ্মার বিলে নামার পর ডুবে আপন চার বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইউনিয়নের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া পাঁচ শিশু হলো—চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
দেবীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে একসঙ্গে পাঁচ শিশু মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পাঁচ শিশু পানিত ডুবে যায়। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পাঁচ শিশু বিলে ডুবে মারা যাওয়ার ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।