বিমানবন্দরে আচারের বয়ামে মিলল ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-স্বর্ণালংকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা হীরা, স্বর্ণ, প্লাটিনাম, বিভিন্ন ধাতুর টুকরাসহ অলংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। কলকাতা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর লাগেজে তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

আজ রোববার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঞ্চল্যকর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সি-শিফটের কর্মকর্তারা গতকাল শনিবার রাতে এই অভিযান চালান। রাত ৮টা ৩০ মিনিটে কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হচ্ছিল।

এ সময় মো. জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন। তার ব্যাগ স্ক্যানিংয়ের সময় আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজের বিস্তারিত তল্লাশি ও ইনভেন্টরি করে বিপুল পরিমাণ মূল্যবান অলংকার ও ধাতুর টুকরার সন্ধান পাওয়া যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—হীরা সংযুক্ত ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এ ছাড়া ৪৫০ গ্রাম ওজনের ১৫১টি হীরা সংযুক্ত প্লাটিনামের আংটি, ৬ গ্রাম ওজনের তিনটি সাদা স্বর্ণের অলংকার, হীরা সংযুক্ত দুটি রুপার আংটি, পাঁচটি হীরা সংযুক্ত স্বর্ণের লকেট, একটি হীরা সংযুক্ত স্বর্ণের চেইন এবং ১০৩ গ্রাম ওজনের ৪৭২টি হীরা সংযুক্ত স্বর্ণের নাকফুল রয়েছে।

এ ছাড়া ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের হীরা, পোখরাজ, রুবিসহ অন্যান্য ধাতুর ৭২০টি টুকরা এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। ব্যাগেজ ঘোষণা ছাড়া এসব মূল্যবান পণ্য আনার কারণে সেগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *