বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। এর আগে আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট ৩৯টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল। তবে শেষ সময়ের আগে জমা পড়েছে মোট ৩৩টি মনোয়ন।

আজ শুক্রবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

তফসিল অনুযায়ী, আগামীকাল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। মনোনয়নপত্রে কোনো সমস্যা না থাকলে আগামীকালই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন চার পরিচালক।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মোট ১৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল, যার মধ্যে জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩টি করে এবং বরিশাল বিভাগ থেকে ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

তবে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে মনোয়নপত্র জমা পড়েছে। নিয়ম অনুযায়ী, এই বিভাগগুলো থেকে একজন করেই পরিচালক নির্বাচিত হওয়ার কথা।

ফলে একক প্রার্থী হওয়ায় এই তিন বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে বোর্ডে আসছেন। তারা হলেন— রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী।

একইভাবে কোনো লড়াই ছাড়াই পার পেয়ে যাচ্ছেন ক্যাটাগরি-৩ এর একমাত্র প্রার্থী সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। নিয়ম অনুযায়ী, এই ক্যাটাগরি থেকেও একজন পরিচালক নির্বাচিত হবেন। তবে এক পরিচালকের বিপরীতে মনোনয়নপত্রও জমা পড়েছে একটি। ফলে এই ক্যাটাগরি থেকেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *