বিজিবির বাধায় বিএসএফের পুশইনচেষ্টা ব্যর্থ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধা ও প্রতিরোধের মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফ ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ দৌলতপুরের ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ এস সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা চার জনকে (দুজন পুরুষ ও দুজন নারী) জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলেন এবং কার্যকর তৎপরতা চালান। এতে বিএসএফের পুশইনের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল ৮টার দিকে পুশইন চেষ্টার শিকার ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পুশইনসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *