বলিউড অভিনেত্রী ‘কৃতি শ্যানন’ এবং ব্যবসায়ী ‘কবির বাহিয়া’র সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন বিনোদন দুনিয়া ও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এই সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ছবি নতুন করে সেই গুঞ্জনে আগুন ছড়িয়েছে। রেডিটে প্রথম ছড়িয়ে পড়া ওই ছবিতে কবির বাহিয়াকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। ছবিটি দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তৈরি হয় বিচ্ছেদের নতুন আলোচনা। নেটিজেনদের একাংশ ধারণা করতে শুরু করেন, কৃতি শ্যানন ও কবির বাহিয়ার সম্পর্কে ফাটল ধরেছে।
এই গুঞ্জন আরও জোরালো হয় কারণ গত কিছুদিন ধরেই কৃতিকে কবিরের সঙ্গে প্রকাশ্যে একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। ফলে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি সত্যিই সম্পর্ক ভেঙে গেছে?
তবে বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে কবির বাহিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া বক্তব্যে জানানো হয়, ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ছবিতে থাকা তরুণী কবিরের কোনো প্রেমিকা নন, বরং দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। এমনকি তাদের পারিবারিক সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া গুজবগুলো বাস্তবতা থেকে অনেক দূরে। অনেকেই যাচাই না করেই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন, যা ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় চাপ তৈরি করছে। এ ধরনের গুজবকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, কৃতি ও কবিরকে ঘিরে গুঞ্জন নতুন নয়। গত এক বছরে তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানে। কৃতির জন্মদিন উদ্যাপন উপলক্ষে তারা একসঙ্গে গ্রিসে ছুটি কাটিয়েছিলেন বলেও জানা যায়। এছাড়া কৃতির বোন নুপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে কবিরের উপস্থিতি তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও শক্ত করেছে।
ডিনার ডেট থেকে শুরু করে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় বলিউড মহলে ধারণা তৈরি হয়, তাদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। যদিও এই বিষয়ে এখনো দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এই নীরবতাই আবার নতুন করে প্রশ্ন তুলছে সবকিছু কি সত্যিই ঠিক আছে, নাকি আড়ালে রয়েছে অন্য কোনো গল্প?
এদিকে ব্যক্তিগত জীবনের গুঞ্জনের মাঝেও পেশাগতভাবে ব্যস্ত সময় পার করছেন কৃতি শ্যানন। তার নতুন সিনেমা ‘ককটেল ২’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং রাশমিকা মান্দানা। এটি ২০১২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’এর সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ফলে একদিকে যখন ব্যক্তিগত জীবন ঘিরে চলছে গুঞ্জন ও প্রশ্ন, অন্যদিকে পেশাগত জীবনে কৃতির ব্যস্ততা তাকে রাখছে আলোচনার কেন্দ্রেই। তবে সত্যিই কি সম্পর্কের সমীকরণ বদলেছে, নাকি এটি শুধুই সোশ্যাল মিডিয়ার তৈরি আরেকটি ভুল ব্যাখ্যা—সেই উত্তর এখনো অধরা।
এসএন/কে