বিকেলে বিসিবির বোর্ড সভা, আলোচনায় যেসব বিষয়

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে যাওয়ার পর বিসিবির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি। দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার (৪ মে) তৃতীয়বারের মতো গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসতে যাচ্ছেন তামিমরা। বিকেল ৩টায় বিসিবি কার্যালয়ে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।

অ্যাডহক কমিটির মূল লক্ষ্য ৯০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আজকের সভায় সেই নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করার বিষয়েই আলোচনা হবে বলে জানা গেছে।

গত মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে এই কমিটি। আজকের সভায় নির্বাচন কমিশন গঠন এবং ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, আজকের সভাতেই নির্বাচনের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করা হবে।

নির্বাচনের পাশাপাশি মাঠের ক্রিকেট নিয়েও আলোচনা হবে এই সভায়। বিশেষ করে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যালোচনা করবেন বোর্ড কর্তারা। এছাড়া আগামী ৮ মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে বিসিবির শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা হবে। 

ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়েও আজকের সভায় আলোচনার এজেন্ডা রয়েছে। লিগের বর্তমান অবস্থা এবং ক্লাবগুলোর সুযোগ-সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *