বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, পুলিশ হেফাজতে ৩ জন

খুলনা মহানগরীর টুটপাড়ার দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শহরের মহিউদ্দিন সড়কের কে এম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কে এম আবিদ হাসান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কে এম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার ভাড়াটিয়া কুব্বাত আলীর ঘরে অভিযান চালাই। প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর থেকে একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে আরও দুটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতিসহ দেশে তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি মিজানুর রহমান বলেন, অস্ত্রের ভান্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *