বাংলাদেশে আসছেন পাকিস্তানের অভিনেতা ওহাজ আলী

পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেতা ওহাজ আলী। ‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার সেই জনপ্রিয় অভিনেতার দেখা মিলতে যাচ্ছে ঢাকায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার খবর জানিয়েছেন ওহাজ আলী।

বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, খুব শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে তিনি অংশ নেবেন। সেখানে ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি একসঙ্গে সময় কাটানোর জন্য তিনি মুখিয়ে আছেন।

ভিডিও বার্তায় ওহাজ বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‌‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’

আয়োজকদের তথ্যানুযায়ী, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। এটি মূলত একটি প্রদর্শনী। এর সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওহাজ আলী।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাজ আলী ব্যক্তিগত অতিথি হিসেবে অনুষ্ঠানে আসছেন। যারা আয়োজনে নির্দিষ্ট পরিমাণ খরচ করবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত করা হবে। তারা ওহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।

অভিনয় ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে ওহাজকে। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে আলাদা করে নজর কাড়ে।

তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর নাটকটির প্রচার শুরু হয় এবং প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে অভিনয় করেন ইয়ুমনা জায়েদি।

মীরব ও মুরতাসিমের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির মাধ্যমে ওহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *