প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত নিকার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন উপজেলাগুলো হল: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
এসএন/পিডিকে