পূর্ব ফ্রান্সের টমব্লেইন শহরে একটি বেসামরিক বিমান দুর্ঘটনায় ১১ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ১০ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। খবর এএফপির।
ম্যুরথ-এট-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগুই জানান, বিমানটি স্কাইডাইভিং করতে যাওয়া একদল মানুষকে বহন করছিল। নিহত ১০ জন যাত্রীর মধ্যে পাঁচজন শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।
দুর্ঘটনার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে ম্যুরথ-এ-মোসেল অঞ্চলের প্রিফেক্ট ইভ সেগুই দুর্ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করছে।
নিরাপত্তার স্বার্থে পুলিশ টমব্লেইন বিমানবন্দরের আশেপাশের এলাকা সর্বসাধারণকে ‘কঠোরভাবে এড়িয়ে চলার’ অনুরোধ জানিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।