প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে শিক্ষকদের অবসর ভাতা পেতে কোনো সমস্যা হবে না। ফ্যাসিবাদী সরকারের লুটপাটের কারণে ২০২২ সাল থেকে শিক্ষকেরা অবসর ভাতা থেকে বঞ্চিত হন।
আজ শনিবার (১৫ আগস্ট) ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য গ্রামের মানুষকে আর ঢাকামুখী হতে হবে না। দেশের স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ, উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে রাজধানীর হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ কমার পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।