ফের অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া 

ফের অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন তিনি।

গত শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক পোস্টে শুভ লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।তিনি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।’

শুভ লেখেন, ‘আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ধন্যবাদ।’

এর আগে চলতি বছরেই তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেয়া হয়। সেখানে গত ৯ মার্চ দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।

চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দুই সপ্তাহ ভর্তি ছিলেন এই অভিনেত্রী। অস্ত্রোপচারের পর কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলে ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফেরেন তানিয়া বৃষ্টি। কিছুদিন সুস্থ থাকার পর আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *