সিক্যুয়েল নিয়ে বড় ইঙ্গিত আমির খানের
২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়ট্স’ বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিল। তরুণ প্রজন্মের ওপর প্রাতিষ্ঠানিক পড়ালেখার চাপ, বন্ধুত্বের অকৃত্রিম টান এবং স্বপ্নের পেছনে ছোড়ার গল্প নিয়ে তৈরি এই সিনেমা আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
প্রায় ১৭ বছর পর সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসতে চলেছে ছবিটির বহুল প্রতীক্ষিত দ্বিতীয় ভাগ (সিক্যুয়েল)। নতুন পর্বে রাজকুমার হিরানী ও আমির খান জুটির পুনর্মিলন নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে।
ব্লকবাস্টার হিট সিনেমা ‘থ্রি ইডিয়ট্স’ এর সিক্যুয়েল তৈরির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, এর দ্বিতীয় ভাগ নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে ছবির সিক্যুয়েলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ভক্তদের নতুন আশার আলো দেখান এই অভিনেতা ও প্রযোজক।
আমির খান জানান, পরিচালক রাজকুমার হিরানী দীর্ঘদিন ধরেই ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি স্ক্রিপ্টের চূড়ান্ত খসড়া বা ফাইনাল ড্রাফট শুনবেন। চূড়ান্ত খসড়া শোনার পরই ছবিটির পরবর্তী কাজের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
২০০৯ সালে রাজকুমার হিরানীর পরিচালনায় মুক্তি পায় ‘থ্রি ইডিয়ট্স’। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধুর জীবন, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার অদৃশ্য চাপ এবং নিজের পছন্দের ক্যারিয়ার বেছে নেওয়ার গল্প নির্ভর ছবিটি বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। ছবিতে আমির খানের পাশাপাশি অনন্য অভিনয় উপহার দিয়েছিলেন আর মাধবন, শরমন জোশী, কারিনা কাপুর ও বোমান ইরানি।
‘থ্রি ইডিয়ট্স’ এর অভাবনীয় সাফল্যের পর ২০১৪ সালে ‘পিকে’ চলচ্চিত্রে পুনরায় একসঙ্গে কাজ করেছিলেন রাজকুমার হিরানী ও আমির খান। সেই ছবিটিও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে। দীর্ঘ বিরতির পর ‘থ্রি ইডিয়ট্স’ এর সিক্যুয়েলের মাধ্যমে যদি এই সফল জুটি আবারও প্রেক্ষাগৃহে ফিরে আসে, তবে তা হবে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অন্যতম বড় একটি মাইলফলক।