ফাইনালের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

আগে থেকেই ভারী বৃষ্টিতে কর্দমাক্ত হয়েছিল মাঠ। খেলার মাঝেই হানা দিল বজ্রসহ বৃষ্টি। বাধ্য হয়ে খেলা বন্ধ রাখতে হলো ঘণ্টাখানেক। আকাশের কালো মেঘ শেষে রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালের আশার আলো জ্বালিয়ে রাখল মোহামেডান।  

আজ মঙ্গলবার (৫ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের এলিমিনেটর ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। ম্যাচে জোড়া গোল করেছেন জুয়েল মিয়া, একবার জাল খুঁজে নিয়েছেন সৌরভ দেওয়ান।

এবার নতুন নিয়মে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন কাপ। দুই গ্রুপের সেরা চার দলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো করে হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে দুই গ্রুপের সেরা দুই দল দুটি কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। রানার্স হওয়ায় মোহামেডান মুখোমুখি হয়েছিল এলিমিনেটর ম্যাচে।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে চলে গেছে বসুন্ধরা কিংস। এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্সের সঙ্গে লড়তে হবে মোহামেডানকে। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। ভেজা আর কর্দমাক্ত মাঠে ফুটবলারদের জন্য তাল সামলানো ছিল বেশ কঠিন। তবে প্রতিকূল আবহাওয়াতেও মোহামেডান ছিল শুরু থেকেই আক্রমণাত্মক। ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় মোহামেডান। কর্নার থেকে আসা বলে সতীর্থের হেডের পর চমৎকার এক হেডে জাল খুঁজে নেন জুয়েল মিয়া।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দল। এরপরই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। রেফারি বাধ্য হয়ে বন্ধ রাখেন খেলা। এরপর প্রায় ঘণ্টা খানিক পরে শুরু হয় ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর আবারও জ্বলে ওঠেন জুয়েল। ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

রহমতগঞ্জ গোল শোধের চেষ্টা করলেও মোহামেডানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৭৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলে মোহামেডান। মোজাফ্ফরভের ফ্রি কিক রহমতগঞ্জ গোলরক্ষক মামুন ঠিকঠাক গ্লাভসে নিতে না পারলে সুযোগ সন্ধানী সৌরভ দেওয়ান বল জালে জড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *