বান্দরবানে শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট এবং সরকারি রেস্টহাউজগুলো শতভাগ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। শেষ মুহূর্তে বুকিংয়ের জন্য ফোন করেও কোথাও রুম ফাঁকা না থাকায় ভোগান্তিতে পড়তে পারেন ভ্রমণপিপাসুরা।
প্রশাসনের কর্মকর্তারাসহ ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্ধের আগাম খবরে ইতোমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে জেলার ভালোমানের সব হোটেল-মোটেল ও রিসোর্টের রুম। কোথাও কোনো সিট ফাঁকা নেই। তবে জেলা শহরের বাইরে দূরের পর্যটন আবাসনগুলোতে কোথাও কোথাও বুকিং হয়েছে ৯০ শতাংশের মতো।
অন্যদিকে আগামী ২৫ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা থাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের আগেভাগেই আবাসন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।
হোটেল গার্ডেন সিটির স্বত্বাধিকারী জাফর উল্লাহ জানান, তাদের হোটেলে ২৫টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সব কক্ষের বুকিং সম্পন্ন হয়ে গেছে। বন্ধের আগের দিন ও পরের দিনগুলোতেও প্রায় ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।
হোটেল ডি-মোরের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার মংচিং মারমা জানান, তাদের হোটেলে চার হাজার থেকে ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন শ্রেণির ৪৭টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৩ অক্টোবরের জন্য সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।
হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মোহাম্মদ সুমন জানান, তাদের হোটেলে দুই হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকা মূল্যের ৪৬টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের জন্য সব কক্ষ বুকিং হয়ে গেছে। গ্রাহকদের ১০ থেকে ১৫ শতাংশ মূল্যছাড়ও দেওয়া হয়েছে।
বান্দরবান হোটেল ওনার্স সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, সারা বছরই বান্দরবানের পর্যটন স্পটগুলোতে কমবেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে বিশেষ ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এবার দুর্গাপূজার ছুটিতেও আশানুরূপ পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, আগত পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে যারা বান্দরবান ভ্রমণে আসতে চান, তাদের আগেই আবাসন নিশ্চিত করা উচিত।
এদিকে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে পর্যটন স্পটগুলোসহ সড়কে বাড়তি নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (ওসি) ফরিদ উদ্দীন বলেন, দুর্গাপূজার ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটন স্পটগুলোতে ইউনিফর্মের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।