প্রেমের টানে মিঠাপুকুরে চীনের যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে বাঙালী তরুণীর সঙ্গে পরিচয় থেকে শুরু হওয়া ভালোবাসার সম্পর্কের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক। ব্যতিক্রমী এই ঘটনায় রংপুরের মিঠাপুকুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিনদেশি যুবককে একনজর দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন আশপাশের উৎসুক মানুষ।

ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায়। মেয়ে আনিকা আক্তার ওই এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে। আর চীনা যুবকের নাম মা লিয়াংহুই।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনের মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। সময়ের সঙ্গে সেই পরিচয় গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের সেই সম্পর্কের পরিণতি দিতেই হাজার মাইল দূরের পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন তিনি।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মা লিয়াংহুই আনিকার গ্রামের বাড়িতে পৌঁছান। বিদেশি নাগরিক গ্রামের বাড়িতে আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ কৌতূহল নিয়ে মেয়ের বাড়িতে ভিড় করতে থাকেন।

স্থানীয়রা জানান, গ্রামের পরিবেশে এমন ব্যতিক্রমী ঘটনা আগে খুব একটা দেখা যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *