প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিল চীন

সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

আজ বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই অনুদান আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এই সময়ে টিকা সহায়তা দিয়ে চীন আবারও প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু। হামের টিকার ব্যবস্থা করা গেলেও সামনে ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন রোগ মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে। তবে পোলিও, যক্ষ্মাসহ যেসব রোগের টিকা প্রয়োজন, সেগুলোর কোনো ঘাটতি নেই এবং টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। যারা এখনও টিকা পায়নি, তাদের দ্রুত আওতায় আনা হবে। এছাড়া শিগগিরই ‘ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন হলে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *