প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও সেবায়েতদের সম্মানি দেবেন রোববার

কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের আগামীকাল রোববার চলতি অর্থবছরের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বিকেল ৪টায় কিশোরগঞ্জ সদরের পুরোনো স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি।

আজ শনিবার (১৫ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ স্থানীয় সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রী রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরোনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং এ উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারেক রহমান।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠানের দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাবেন। চলতি অর্থবছরে মাসিক সম্মানি দিতে সারা দেশের ৮২ হাজার ৬৫৬ মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২ বৌদ্ধ বিহার ও ৩০১ গির্জা নির্বাচন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *