দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন ও বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালু করার জন্য ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।
বৃহস্পতিবার (৭মে ) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় দূতাবাসে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ অনুরোধ জানান জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দুত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।
সৌজন্য সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রণয় ভার্মাকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।সাক্ষাতে আমরা বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
বিশেষ করে দু’দেশের মানুষের সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে।আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিস্তা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন এবং শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।
এসএন/পিডিকে