প্রকাশিত হলো সামজের নতুন গান ‘যাও পাখি যাও’

প্রেম শুধু কাছেই টানে না, কখনো কখনো দূরত্বের দেয়ালও তুলে দেয়। প্রিয় মানুষকে হারানোর বেদনা যেমন হৃদয়ে শূন্যতা তৈরি করে, তেমনি সেই শূন্যতার ভেতর থেকেই জন্ম নেয় কিছু অমলিন সুর। ভালোবাসা, অভিমান আর বিচ্ছেদের সেই চিরচেনা অনুভূতিকে সঙ্গী করেই প্রকাশিত হলো এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামজ ভাইয়ের নতুন গান ‘যাও পাখি যাও’।  গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গত ১৩ আগস্ট ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত হয়। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শুনতে পাওয়া যাচ্ছে। গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন সামজ নিজেই।

গানটির গল্প আবর্তিত হয়েছে তীব্র প্রেম, আবেগ, অভিমান ও বিচ্ছেদের অনুভূতিকে ঘিরে। প্রেমের গভীরতা ও হারানোর কষ্টকে দৃশ্যমান করে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, নূর ও আফরা নিশাত সুবর্ণা। তাদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে প্রেমের টানাপোড়েন ও বিচ্ছেদের বেদনার গল্প। পাশাপাশি ভিডিওতে উপস্থিত থাকছেন সামজ ভাই নিজেও।

নতুন গান প্রসঙ্গে সামজ বলেন, ‘গানটি আমার জন্য একটু আলাদা। ভালোবাসার পাশাপাশি এখানে আছে হারানোর কষ্ট, অভিমান ও কিছু না বলা অনুভূতি। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে ব্যপক প্রশংসা পাচ্ছি, আশা করছি গানটি সব শ্রেনীর শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের নিজেদের কোনো না কোনো গল্পের সঙ্গে মিল খুঁজে পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *