কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
একই সঙ্গে আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, আজান ও নামাজের সময়সূচি তৈরি করে জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়সূচি সম্পর্কে অবগত হয়ে সে অনুযায়ী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।
দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সম্মিলিতভাবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মোবাইল ফোন কিংবা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার নির্দেশনা দেন, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ এবং পূজার ছুটি দুই দিন বাড়ানোর উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, পূজার ছুটিতে সরকারি কার্যক্রম সীমিত থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জেলার প্রতিটি নির্বাচনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম। এ উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। অনুমোদিত কাগজপত্র চাওয়ামাত্র দেখাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।