নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো উত্তর সোনাখুলী গ্রামের রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।
পরিবার সূত্রে জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা গভীর পানিতে তলিয়ে যায়।
পরিবারের সদস্যরা আরও জানায়, তারা দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একই পরিবারের দুই ভাইয়ের দুটি অবুঝ শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
এ বিষয়ে ডিমলা থানার ডিউটি অফিসার বলেন, ‘বিষয়টি এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’