চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন ২৪তম ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুইজনেরই বাড়ি সিলেটে বলে জানা গেছে। নিহত অর্ণব চন্দ কম্পিউটার ও সায়েন্স বিভাগ ও শান্ত দেব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে হলের পুকুরে তারা গোসল করতে আসেন। এরপর দুইজন সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝ অংশে ডুবে যান। ডুবে যাওয়ার পর পুকুর থেকে ২০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর উদ্ধার করা হয় শান্তকে। দ্রুত তাদের চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি হাসপাতালে রয়েছেন জানিয়ে বলেন, ‘নিহত শিক্ষার্থীদের পরিবারকে ঘটনা জানানো হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। এরপর পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী দেওয়া, পাড় বড় করাসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।