পিকআপ ভর্তি ভারতীয় প্রসাধনীসহ আটক ২

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কসমেটিকসসহ দুই যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (৬ মে) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সেতু সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের মো. নাসিম (২৫) ও সেইচাহানি গ্রামের মুনির মিয়া (২১)। পুলিশ জানিয়েছে, তারা সংশ্লিষ্ট পিকআপের চালক ও হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাঙ্গামাটিয়া এলাকায় একটি সন্দেহভাজন পিকআপের গতিরোধ করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৮টি বস্তাভর্তি ভারতীয় ডাভ শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি প্রসাধনী জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জসীম নামে এক সন্দেহভাজন মূলহোতা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, পালিয়ে যাওয়া জসীম নিজেকে মালামালের মালিক পরিচয় দিয়ে মোটরসাইকেলে করে পিকআপটির পেছনে আসছিলেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পণ্যগুলো জব্দ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *