পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) বিজেপির কেন্দ্রীয় হাইকমান্ডের পক্ষ থেকে তার নাম চূড়ান্ত করা হয়। খবর এনডিটিভির।
কয়েক দিন আগে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। এরপর থেকেই কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। আজ সব জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারীকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হলো। নন্দীগ্রামের এই হেভিওয়েট নেতার হাত ধরেই এবার পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
এছাড়া আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজ বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে সিদ্ধান্ত হয় শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে। বিধায়ক দলের বৈঠকের পর অমিত শাহ বলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’