পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। গতকাল শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ইজিবাইকটি পাখিমারা এলাকা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ইজিবাইকটি কলাপাড়া সেতুর ওপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী ‘সাকুরা পরিবহণ’র একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ৯ যাত্রীই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত ১১টার দিকে বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হারুন গাজীকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।