নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনীর এক অভিযানে মোট তিন হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল হাতিয়া থানার সঙ্গে যৌথভাবে শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের সুইচ ঘাটের নিকটবর্তী কালামচর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে আইন প্রয়োগকারী সংস্থা ‘মা-বাবর দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে তিন হাজার লিটার ডিজেল ভর্তি ১৫টি ব্যারেল উদ্ধার করে। এ সময় অধিক মুনাফার জন্য অবৈধভাবে জ্বালানি মজুত করা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. মাহমুদউদ্দিন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এতে আরও বলা হয়, জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বৈশ্বিক জ্বালানি উদ্বেগের পরিপ্রেক্ষিতে জাতীয় স্বার্থে অবৈধ জ্বালানি মজুত ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে এবং এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।