নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) ও নোয়াখালী পৌরসভা এলাকার মো. সৌরভ (২৭)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মে নোয়াখালী সরকারি কলেজ হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ওইদিন সন্ধ্যায় স্থানীয় সালিশ বৈঠক চলাকালে আসামিরা হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন মারা যান। পরে নিহত রাজিবের স্ত্রী কামরুন নাহার ছবি সুধারাম থানায় হত্যা মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী পিপি মো. বরুত উল্যাহ রাসেদ বলেন, বর্তমানে কারাগারে থাকা একমাত্র আসামি ফিরোজ আলম বাপ্পীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। অপর পাঁচ আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শামসুদ্দিন।