নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজারের কাছে দ্রুতগামী সার বোঝাই ট্রাক ও যাত্রী বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনসহ মোট চারজন প্রাণ হারিয়েছেন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজারের কাছের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুঘটনার পর পর সড়কে যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনাগামী সার বোঝাই একটি ট্রাক নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রী বোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। ঘটনার পর স্থানীয় লোকজন আহদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহের হাসপাতালে পাঠায়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, ময়মনসিংহের হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জন মারা যান। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। এ সময় আরও ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক কিশোরকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সবার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলেও জানান তিনি।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেন্টু মিয়া জানান, পিকআপে করে একটি পরিবার স্থানীয় একটি মাজারে যাওয়ার সময় নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের যাত্রীরা মারা যান। এসময় সার বোঝাই ট্রাকটি রাস্তার একপাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।