নেইমার-ভিনি একসঙ্গে মাঠে- কী বলছেন আনচেলত্তি

বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে একটি প্রশ্ন যেন অবধারিত-নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে কবে একসঙ্গে মাঠে দেখা যাবে? আজ রাতে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। এবার অবশ্য তার উত্তরে মিলেছে ইতিবাচক ইঙ্গিত।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচকে সরাসরি জানতে চাওয়া হয়, নরওয়ের বিপক্ষে কোনো এক সময়ে কি নেইমার ও ভিনিসিয়ুসকে একসঙ্গে খেলতে দেখা যাবে? জবাবে আনচেলত্তি বলেন, ‘নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।’

এই মন্তব্যে নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে কাফ ইনজুরিতে পড়া এই তারকা প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। তাকে বেঞ্চেই রাখা হয়েছিল। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নামেন তিনি। জাপানের বিপক্ষে শেষ ম্যাচেও তাকে মাঠের পাশে ওয়ার্মআপ করতে দেখা গেলেও নির্ধারিত সময়েই ব্রাজিল জয় নিশ্চিত করায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়নি। বদলি হিসেবে নামার সুযোগও পাননি নেইমার।

শুধু নেইমার নয়, সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়রের ভূমিকাও ব্যাখ্যা করেছেন আনচেলত্তি। বিশেষ করে তার পজিশনের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘ভিনি অনেক দিন ধরেই তার খেলার পজিশন পরিবর্তন করে আসছে। রিয়াল মাদ্রিদে এবং এখন। সে খুব ভালো করছে। প্রতিপক্ষকে সংশয়ে রাখছে। উইংয়ে সে অ্যাসিস্ট করতে পারে। অনেক গোলও করতে পারে।’

আনচেলত্তির এই মন্তব্যে স্পষ্ট, ভিনিসিয়ুসকে নির্দিষ্ট একটি অবস্থানে আটকে রাখতে চান না তিনি। ম্যাচের প্রয়োজন অনুযায়ী আক্রমণভাগে ভিন্ন ভিন্ন ভূমিকায় ব্যবহার করেই প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনা ব্রাজিল কোচের।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ভিনিসিয়ুস। অন্যদিকে ইনজুরির কারণে শুরুটা মিস করলেও নেইমারকে ধীরে ধীরে পূর্ণ ফিটনেসে ফিরিয়ে আনছেন আনচেলত্তি। ফলে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেলে ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে।

শেষ ১৬ পর্ব

ব্রাজিল-নরওয়ে

সরাসরি, রাত ২টা

বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *