নুসরাত হত্যা মামলা

বিচারিক আদালতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা দুই আসামি হলেন– সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) ও শাহাদাত হোসেন শামীম (২০)।

যাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে, তারা হলেন- নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের ও উম্মে সুলতানা ওরফে পপি।

খালাসপ্রাপ্তরা হলেন- কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, আবছার উদ্দিন এবং তৎকালীন কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া অনেকটা ‘মাইন্ডলেস সেন্টেন্স’। অর্থাৎ আদালত তার বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে পুরোপুরি যে বিচারিক মন (জুডিশিয়াল মাইন্ড) থাকা দরকার, তা করতে ব্যর্থ হয়েছেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের মাধ্যমে নিম্ন আদালতের দেওয়া রায়ের বিষয়ে আদালত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। এই মামলার নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদের সম্পর্কে আদালত বলেছেন, একটি হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া অনেকটা ‘মাইন্ডলেস সেন্টেন্স’। অর্থাৎ বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তার যে বিচারিক মন (জুডিশিয়াল মাইন্ড) থাকা দরকার, তিনি তা করতে ব্যর্থ হয়েছেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কার কীভাবে দণ্ড দেওয়া উচিত এবং মামলার ঘটনার সঙ্গে কার কতটুকু সম্পৃক্ততা রয়েছে, তা বিবেচনায় নিতেও বিচারক ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে ‘পেনাল’ ও ‘সেন্টেন্সিং’, অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং দণ্ড দেওয়ার দায়িত্ব থেকে সরিয়ে আনার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *