মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দ্রুতগতির একটি মাদকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়েছে। এতে ঘরের দেয়াল ভেঙে গৃহকর্তা আহত হয়েছেন। এসময় দেড় কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশেই আরশাদ আলীর বাড়ি। ভোরে পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘরের ইটের দেয়াল ধসে পড়ে এবং গৃহকর্তা আরশাদ আলী আহত হন।
বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উল্টে থাকা মাইক্রোবাসের ভেতরে গাঁজা দেখতে পায়। এসময় চালক অনিক হোসেন বিপ্লবকে তারা হাতে-নাতে আটক করে। খবর পেয়ে রামদাসপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বসতবাড়িতে ঢুকে পড়ে। আহত আরশাদ আলীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অনুপ কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গাঁজা ও মাইক্রোবাসসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।