জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ শুক্রবার (২২ মে) ঘটনার পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি আরও জানান, হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনা নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপির নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
ঘটনার পর এনসিপির নেতারা অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
এদিকে হামলার বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন। তিনি দাবি করেন, তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।
সর্বশেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।