ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও এক পুরুষকে প্রায় ১৬ ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে যান চর চান্দিয়া ইউনিয়নের অলি মাঝি বাড়ির বাসিন্দা এরশাদ উল্লাহ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের ঘর থেকে টেনে বের করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। পরবর্তীতে টানা ১৬ ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি নির্যাতিত নারীর গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী এবং পুরুষটি দুই সন্তানের জনক। একই সঙ্গে জোরপূর্বক ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে সোনাগাজী মডেল থানা-পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।