নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক অস্ত্রধারীও আহত হয়েছেন। এ সময় একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে ফতুল্লা থানার তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। অপরদিকে পুলিশের গুলিতে আহত হন জসিম (২৪), তিনি ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। গ্রেপ্তার করা অপর ব্যক্তি একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক ব্যবসায়ী পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ছোড়ে। তবে কোনো গুলি পুলিশ সদস্যদের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে মোট আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম উরুতে গুলিবিদ্ধ হন। গোলাগুলির সময় তিন পুলিশ সদস্যও আহত হন।
ঘটনার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’