নানা আয়োজনে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

‘বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী, আমরা গঠন করবো নতুন ভিত্তি’ এই স্লোগানে আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, লেখক, গবেষক ও প্রাবন্ধিক মামুন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল খায়ের।

বক্তারা বলেন, মাত্র ছয়-সাত বছরের কবিতা জীবনেও বাঙালি ভুবনকে দশকের পর দশক ধরে আচ্ছন্ন, মুগ্ধ, অনুপ্রাণিত করে চলেছে সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টি নিয়ে। সুকান্তের কবিতা একইসাথে সাহিত্যের দায় বহন করেছে, আবার মতাদর্শের, রাজনীতির এবং নিজের রাজনৈতিক দলের হয়েও ভূমিকা পালন করেছে।

তারা বলেন, ঔপনিবেশিক শাসনের বিরোধিতা এবং মহাযুদ্ধের বিভীষিকাময় সময়ে ঔপনিবেশিক শাসকদের চক্রান্তে নেমে আসা মন্বন্তরের সময়ে জনগণের প্রতিদিনের সংগ্রামের সঙ্গী ছিলেন সুকান্ত। ফ্যাসিবাদ ও ঔপনিবেশিক শাসন যুগপৎ বিরোধিতার স্বাক্ষর বহন করছে সুকান্তের কবিতা। সুকান্তের কবিতার সময় পর্ব ফ্যাসিবিরোধী যুদ্ধ, ফ্যাসিবাদের পরাজয়, ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলনের দুর্বার হয়ে ওঠা, নৌবাহিনীর বিদ্রোহ আর কলকারখানার শ্রমিকদের ধর্মঘট হয়ে ঔপনিবেশিক শাসন অবসানের প্রাক মুহূর্ত অবধি বিস্তৃত। তার শেষ নিশ্বাস ত্যাগের মুহূর্ত কলকাতা শহর বীভৎস দাঙ্গা দেখেছে, যা বারবার আত্মপ্রকাশ করেছে।

পরে, সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদসহ বিভিন্ন শাখা সংসদের নেতা-কর্মীরা। এসময় শত প্রদীপ প্রজ্বলন করা হয়।

অনুষ্ঠানে সুকান্তের লেখা ‘ছাড়পত্র’ কবিতাটি শপথ হিসেবে সবাইকে পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন। এরপর সুকান্তের লেখা অবাক পৃথিবী গানটির সাথে দলীয় নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়।

এতে সমবেত সংগীত পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *