বরেণ্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের আলমারি ও ওয়ারড্রপ তছনছ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার (১১ অক্টাবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার বোন আফিয়া খান (রোজি)।
গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় মামুনুর রশীদদের পৈতৃক বাড়ির বসত ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষে থাকা তিনটি স্টিলের আলমারি ও একটি কাঠের ওয়ারড্রপ ভেঙ্গে ভেতরের সকল মালামাল তছনছ করে।
আফিয়া খান ওই পৈতৃক বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। কয়েক দিন আগে ঢাকা যাওয়ার সময় বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান পূর্বপরিচিত শফিকুর রহমানকে। শফিকুর অফিয়া খানের আরেক ভাইয়ের প্রতিষ্ঠানে কর্মরত।
আফিয়া খান জানান, শফিকুর রহমান গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার সময় ওই বাসা থেকে বের হয়ে যান। তখন সব ঠিকঠাক ছিল। বিকেল তিনটার দিকে শফিকুর ফিরে এসে দেখতে পান ঘরের গ্রিলের তালা ভাঙ্গা। পরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখেতে পান বিভিন্ন কক্ষের স্টিলের আলমারি ও ওয়ারড্রপের পাল্লা খোলা। ভেতরের জিনিসপত্র মেঝেতে ছড়ানো-ছিটানো রয়েছে।
তিনি আরও বলেন, যে আলমারি ও ওয়ারড্রপের জিনিসপত্র তছনছ করা হয়েছে, সেগুলোতে আমাদের ৯ ভাই-বোনের মূল্যবান জিনিপত্র রয়েছে। আমি ঢাকায় অবস্থান করায় এবং অন্য সকল ভাই-বোন অনুপস্থিত থাকায় কী কী জিনিস খোয়া গেছে তা বোঝা যাচ্ছে না।
মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, বাড়ির ঘরের তালা ভেঙ্গে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করার খবরটি তার ভাই বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ভিক্টর ব্যাণার্জি বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তদন্ত চলমান রয়েছে।