নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা অংশু

নতুন এক রহস্যময় গল্প নিয়ে ফিরছেন নির্মাতা তানিম রহমান অংশু। ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর এবার তিনি ঘোষণা দিলেন তার ‘লিম্বো’ সিনেমার। গতকার মঙ্গলবার (১৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

প্রকাশিত পোস্টারে দেখা যায় দুটি হাত, যার একটি মেহেদী রাঙানো। পোস্টারের নকশা ও আবহ রহস্যময় হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টারের সঙ্গে অংশু লিখেছেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়…’

নির্মাতা জানিয়েছেন, ২০২৭ সালে মুক্তি পাবে ‘লিম্বো’। তবে সিনেমাটির গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণসংক্রান্ত অন্য কোনো তথ্য এখনই প্রকাশ করেননি তিনি।

এদিকে পোস্টার ও সিনেমার নাম প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ‘লিম্বো’ হতে পারে সায়েন্স ফিকশন চলচ্চিত্র। অনেকে নির্মাতাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *