ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি সিদ্ধান্তই বদলে দিয়েছে বিশ্ব ফুটবলের আলোচনা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। এরপর প্রবল চাপ আর সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। কিন্তু এরপরও তার ওপর আস্থা রাখতে পারছে না মহাদেশীয় ফুটবল সংস্থাগুলো।
ইনফান্তিনোর এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি সমালোচনা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের সঙ্গে যোগ দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা (কনকাকাফ)। তিন মহাদেশীয় ফুটবল সংস্থার পক্ষ থেকেই বিশ্বকাপ বর্জনের হঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুধু বিশ্বকাপ বর্জনের হুমকিই নয়, বিশ্বের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট বর্জন করার পরের রোডম্যাপ নিয়েও আলোচনা শুরু করেছে এই তিন মহাদেশীয় ফুটবল সংস্থা। পরিকল্পনা করছে বিশ্বকাপের পরিবর্তে নতুন টুর্নামেন্ট আয়োজনের। খবর দ্য টেলিগ্রাফ-এর।
আর এতেই কপাল খুলতে পারে বাংলাদেশের। শুধুমাত্র তিনটি মহাদেশের দলগুলো অংশগ্রহণ করায় তুলনামূলক প্রতিযোগিতা কিছুটা কম থাকবে। অন্যদিকে, সম্প্রতি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে এনে দলের শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। চলতি বছরেই অন্তত আরও তিনজন বংশোদ্ভূত ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন। সেক্ষেত্রে বড় এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য।
অবশ্য দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নতুন এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। টুর্নামেন্টের কাঠামো কেমন হবে, কিভাবে দলগুলো অংশগ্রহণ করবে তা এখনো নির্ধারিত হয়নি। মূলত বিকল্প পথ খোলা রাখতেই উয়েফা, এএফসি ও কানকাকাফের এই পরিকল্পনা।
এদিকে, সম্প্রতি একটি চিঠিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফিান্তিনোর বিপক্ষে প্রতারণা অভিযোগ এনেছে এই তিন মহাদেশীয় ফুটবল সংস্থা। চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে, নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে সসম্মানে ইনফান্তিনোকে পদত্যাগের জন্য আহ্বান করা হয়েছে।