নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। এবারও জেলা শাখার নতুন কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন—এমনটি প্রত্যাশা ছিল তার। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাই নতুন কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন তিনি। তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক লাইভে এসে কান্না করা এই পদপ্রত্যাশীর নাম মো. জাহিদ। তার ছড়িয়ে পড়া ভিডিওটি ৯ মিনিট ২৪ সেকেন্ডের। কমিটিতে পদ না পাওয়ায় ভিডিওতে ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাকে।

শনিবার (২ মে) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়। ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তাদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

কমিটি গঠনের পর নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আগের কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহিদ। তিনি দাবি করেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাকে মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ফেসবুক লাইভে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় দলের নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন জাহিদ। তিনি বলেন, ‘জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, কী করে ভুলব।…আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।’

জানতে চাইলে মুঠোফোনে মো. জাহিদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে থেকেছি, দলের জন্য সময়-শ্রম দিয়েছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে কোনো স্থান দেওয়া হয়নি। এতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি জানি না, আমার অপরাধ কী ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে।’

এর আগে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালে। কমিটিতে হাসান মাহমুদ সভাপতি এবং আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *