নতুন ইতিহাস গড়তে চান বাংলাদেশের কোচ

বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। এবার অবশ্য ফরম্যাট বদলেছে। সাদা বল ছেড়ে লাল বলের মিশনে নামবে কোচ ফিল সিমন্সের শিষ্যরা।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত বছর। লম্বা বিরতি শেষে এই ফরম্যাটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ম্যাচের আগে আজ বুধবার (৬ মে) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের ফিল সিমন্স। সেখানে জানালেন, নতুন ইতিহাস গড়ার কথা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ২০২৪ সালে। সেবার দুই ম্যাচের সিরিজে পাকিস্তানের মাটিতেই তাদের হোয়াইটওয়াশ করে এসেছিলে বাংলাদেশ। তবে সেটিকে অতীত হিসেবে দেখছেন সিমন্স।

আসন্ন সিরিজে নতুন ইতিহাস গড়ার কথা জানিয়ে সিমন্স বলেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’

লম্বা বিরতি শেষে লাল বলে খেলা নিয়ে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট মূলত একটি মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না। তারা গত কয়েক মাস ধরে লাল বল (টেস্ট ক্রিকেট) নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি সহজ হবে।’

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। তাকে নিয়ে সিমন্স বলেন, “মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি। তবে এই সময়েই বুঝেছি তার জন্য এটি ১ নম্বর টেস্ট হোক; ৫০তম হোক বা ১০০তম- সবই সমান। সে যেভাবে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি নেয়, সেভাবেই চালিয়ে যাবে। সে তার ১০১তম ম্যাচটিকেও আগের সব ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে দেখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *