জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীকে ঘিরে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (২১ জুন) এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী (২৩-২৫ মে) অনুষ্ঠান আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রণয়ন, স্মারক ডাকটিকেট প্রকাশের কর্মসূচি রয়েছে।