নওগাঁয় বিভিন্ন পূজামণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ জেলা শহর ও সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ১৬ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দুর্গোৎসব শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে পূজামণ্ডপের নিরাপত্তা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিওপিসমূহ থেকে ৩ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপের নিরাপত্তায় ব্যাটালিয়ন সদর থেকে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে ২ প্লাটুন বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যেই গত ১০ অক্টোবর হতে ১৫ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপ এলাকায় প্রস্তুতিমূলক টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ১৬ অক্টোবর হতে দায়িত্বপূর্ণ এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপের মধ্যে সীমান্ত হতে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপের সংখ্যা মোট ৭টি। অপরদিকে জেলার পোরশা উপজেলায় ৪টি, নীতপুর বিওপি ৪টি, সাপাহার উপজেলায় ৩টি। হাপানিয়া বিওপি ১টি। বামনপাড়া বিওপি ২টি। ব্যাটালিয়ন সদর হতে ৩ কিলোমিটারের মধ্যে (নওগাঁ শহর এলাকা) অবস্থিত মোট ৪৩টি এবং সর্বমোট ৫০টি পূজামণ্ডপ এলাকায় দ্বায়িত্ব পালন করবে।

এদিকে ইতোমধ্যেই বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁদের আর্থিক অনুদান প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *