দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (২৪ জুন) সংসদে সংরক্ষিত নারী আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

প্রশ্নে নুরুন্নিসা সিদ্দিকা জানতে চান, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে বহুল প্রতীক্ষিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের জন্য প্রস্তাবিত বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কোনো অর্থ বরাদ্দ রাখা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্তমানে সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতা) ‘পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণ’ প্রকল্পটি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে প্রণীত বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সমীক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা, ব্যয় ও অন্যান্য কারিগরি বিষয় মূল্যায়ন করা হবে, যা পরবর্তী সময়ে প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *