দ্বিতীয় দিনের মতো মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ফের অবস্থান নিয়েছেন ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। আজ মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই এই মানববন্ধন করছেন তারা।
সমাবেশ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ও ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিক্ষোভকারীরা ২০১৭ সালে ব্যাংক দখলের আগের পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এই লক্ষ্যে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের সমস্ত শেয়ার বাজেয়াপ্ত করে তা বিক্রির মাধ্যমে ব্যাংকটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মতিঝিল ও দিলকুশা এলাকা পুরোটা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যাংক টাওয়ারের আশপাশে জলকামানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।