দেশের রিজার্ভ বাড়ল

দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান বলেন, বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৯৬৫ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৩৩ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার।

গত সোমবার বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছিল দুই হাজার ৯৫৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে গত রোববার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মার্চ ও এপ্রিল) আমদানি বিল পরিশোধ করেছিল ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার। আকুর বিল পরিশোধের পর আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল দুই হাজার ৯৪৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪১৪ কোটি ২০ হাজার ডলার। এর আগে গত ৭ মে বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল তিন হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *