দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৪২২ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ

মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাকটি ডাসার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

খাদ্য অফিস ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করতে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে এই চাল প্রক্রিয়াজাত করা হয়। বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত এই চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। সাধারণ বাজারে এই মানের চাল উৎপাদন বা বিক্রি প্রচলিত নয় বলেও জানায় খাদ্য বিভাগ।

এদিকে জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী। তিনি জানান, গোপালগঞ্জে তার চালকলে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহণ করা হচ্ছিল। তবে কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে এই চাল বের করা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *