ব্যবস্থাপনার মান বাড়াতে ও মূল ব্যবসায় মনোযোগী হতে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উবার।
ব্যবস্থাপনা স্তর ছোট করা এবং মূল ব্যবসায় মনোযোগ বাড়াতে বিশ্বজুড়ে ৩ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং ও ডেলিভারি সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান ‘উবার’। যা তাদের বিশ্বব্যাপী মোট জনবলের প্রায় ১০ শতাংশ। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি।
ইমেইলে সিইও দারা খোসরোশাহি বলেন, প্রতিষ্ঠানটি দ্রুত বিস্তার লাভ করতে গিয়ে ব্যবস্থাপনায় অতিরিক্ত স্তর ও ছোট ছোট দল তৈরি করেছিল, যা সিদ্ধান্ত গ্রহণের গতিকে ধীর করে দিচ্ছিল। এই ছাঁটাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সুসংগঠিত হবে। ভবিষ্যতে বড় সুযোগগুলো কাজে লাগাতে পারবে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি অন্যতম বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে। এই ছাঁটাইয়ের পর উবারের বৈশ্বিক কর্মী সংখ্যা কমে প্রায় ৩০ হাজারে নেমে আসবে, যা ২০২১ সালের কর্মীসংখ্যার সমান। এই পদক্ষেপে ব্যবস্থাপক এবং নন-ম্যানেজার— উভয় স্তরের কর্মীই প্রভাবিত হলেও ঠিক কোন কোন দেশের অফিসগুলোতে সবচেয়ে বেশি ছাঁটাই হচ্ছে তা নিশ্চিত করেনি উবার।
বাজার বিশ্লেষকদের মতে, এ ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে উবার বছরে প্রায় ২০০ কোটি ডলার সাশ্রয় করতে পারবে। সাশ্রয়কৃত এই অর্থ প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় গাড়ি (অটোনমাস ভেহিকেল) প্রযুক্তি, রোবোট্যাক্সি পরিচালনা ও রাইড হেইলিং ব্যবসার সম্প্রসারণে বিনিয়োগ করবে।
ছাঁটাই ঘোষণার পাশাপাশি উবার তাদের রিমোট বা দূরবর্তী কাজের সুবিধা কমিয়ে কর্মীদের অফিসে উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে। নতুন নীতি অনুযায়ী মাত্র ১ শতাংশ কর্মী রিমোট কাজের সুবিধা পাবেন, বাকিদের নির্দিষ্ট কার্যালয়ে এসে কাজ করতে হবে।
উবারের এই পুনর্গঠন ও ব্যয় সংকোচনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছে পুঁজিবাজার। ঘোষণার পরপরই উবারের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।