বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কঠিন ও প্রতিকূল পথ অতিক্রম করেই দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এক এগারোর সময় দলের শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা হয়েছিল। খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে দেশি-বিদেশি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। তবে দেশের কোটি মানুষ ও মহান আল্লাহর অশেষ রহমতে কোনও ষড়যন্ত্রই সফল হতে পারেনি। তারেক রহমানের আজকের সফল নেতৃত্বের মধ্য দিয়েই সেটি প্রমাণিত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা তার শাসনকালে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং সেই টাকা তার নেতাকর্মীদের পকেটে ঢুকেছে। এর বিপরীতে বিএনপি দেশের সাধারণ মানুষের কল্যাণে জোর দিয়ে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জনগণের টাকা জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছে।
তিনি বলেন, ২০১৮ সাল থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে দেশের গ্রাম থেকে শহর— সর্বত্র ফ্যাসিবাদের হাতে চরম নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অবিরাম যোগাযোগ রক্ষা করে এসেছেন তারেক রহমান।
উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। অনুষ্ঠানে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএন/পিডিকে