প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও; স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ; জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভোলা এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়াও অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এসএন/পিডিকে